সেমিনারে বক্তারা

বাংলা কবিতায় আল মুজাহিদী অবিস্মরণীয়

Printed Edition
বাংলা একাডেমীতে কবি আল মুজাহিদী স্মরণে সেমিনারে অতিথিরা : নয়া দিগন্ত
বাংলা একাডেমীতে কবি আল মুজাহিদী স্মরণে সেমিনারে অতিথিরা : নয়া দিগন্ত

সাংস্কৃতিক প্রতিবেদক

বিশিষ্ট কবি আল মুজাহিদী স্মরণে বক্তারা বলেছেন তিনি ছিলেন বাংলা কবিতায় এক অবিস্মরণীয় নাম। গতকাল বাংলা একাডেমিতে আয়োজিত সেমিনারে তার স্মৃতিচারণ করতে গিয়ে তারা বলেন, আল মুজাহিদী ছিলেন একাধারে কবি, অনুবাদক, প্রাবন্ধিক, সম্পাদক এবং বুদ্ধিবৃত্তিক যোদ্ধা। তার কবিতায় বাংলাদেশ ভাস্বর হয়েছে নিজস্ব নতুন শৈলী ও ভাষাভঙ্গিতে। এই ভূখণ্ডের লড়াকু মানুষের স্বতন্ত্র ঐতিহ্যকে তিনি তার কবিতা ও সামগ্রিক সাহিত্যকর্মে ফুটিয়ে তুলেছেন আমৃত্যু। একই সাথে সাহিত্য সম্পাদক হিসেবে তিনি কিংবদন্তিতুল্য। সুদীর্ঘকাল দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক থাকাকালে তার অনুসন্ধান ও পরিচর্যায় বহু প্রতিভাবান লেখক তাদের সাহিত্যপথের দিশা লাভ করেছেন।

কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বিকেলে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির সচিব ড. মো: সেলিম রেজা। ‘মৃত্তিকার কবি আল মুজাহিদী’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক ড. মাহবুব হাসান।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে এতে আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার। অনুষ্ঠানের শুরুতে কবি আল মুজাহিদী স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তব্যে ড. মো: সেলিম রেজা বলেন, আল মুজাহিদী বাংলা কবিতার এক অবিস্মরণীয় নাম। তার কবিতায় এ দেশের মাটি ও মানুষের কথা অসাধারণ নৈপুণ্যে ভাস্বর হয়েছে। ড. মাহবুব হাসান বলেন, আল মুজাহিদীকে চেনার একটি উপায় হলো, তার কবিতা। সেখানেই ফুটে আছে তার মনোগোলাপ, যার সুবাস আমরা নিতে পারি। তিনি বলেন, অনেকেই আল মুজাহিদীকে চিহ্নিত করেছেন ‘মৃত্তিকার কবি’ হিসেবে। তিনি মৃত্তিকাকেই নানাভাবে, নানা রূপে সৃষ্টি করেছেন তার কবিতায়। অনুষ্ঠানে কবিকন্যা পরমা আল মুজাহিদী বলেন, বাবা সবসময় দেশ ও দেশের মানুষের কথা তার কবিতায় উদ্ভাসিত করেছেন। তিনি বলেন, আল মুজাহিদীর সাহিত্যকর্ম থেকে নতুন প্রজন্ম ভাষাসাহিত্য ও দেশপ্রেমের প্রেরণা পাবেন নিঃসন্দেহে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, আল মুজাহিদী বাংলাদেশের কবিতাঙ্গনের এক অনন্য ব্যক্তিত্ব। কবিতায় দেশজ আধুনিকতার উদ্ভাসনের পাশাপাশি বিদেশী পুরাণেও খুঁজেছেন মানবিক মৈত্রীর স্বর। কবিতা বিষয়ক গদ্য রচনা, বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ কবিতা বাংলায় অনুবাদ এবং শিশুকিশোর সাহিত্যেও তিনি স্বাতন্ত্র্য ও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এ দেশে সাহিত্য সাময়িকী সম্পাদনার ইতিহাসেও কবি আল মুজাহিদীর অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক সায়েরা হাবীব।