ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র কয়েক দিন আগে হোটেল পরিবর্তন করেছে নরওয়ে জাতীয় ফুটবল দল। অতিরিক্ত নির্মাণকাজের শব্দ ও কিছু স্বাস্থ্যবিধিসংক্রান্ত অসন্তোষের কারণে দলটি আগের আবাসন ছেড়ে নতুন হোটেলে ওঠার সিদ্ধান্ত নেয়।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নরওয়ে প্রথমে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের দ্য ডালমার হোটেল-এ ওঠে। তবে মাত্র এক রাত অবস্থানের পরই খেলোয়াড়রা বাইরে চলমান নির্মাণকাজের তীব্র শব্দ নিয়ে অভিযোগ করেন। পরে দলীয় ব্যবস্থাপনা দ্রুত বিকল্প হোটেলের ব্যবস্থা করে।
দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেন, ‘কিছু বিষয় আরো ভালো হতে পারত। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
নরওয়ের দলীয় লজিস্টিকস ব্যবস্থাপক ট্রুলস ডেহলি জানান, হোটেল পরিবর্তন সহজ ছিল না। তবে সহায়ক কর্মীরা মাত্র আড়াই ঘণ্টার মধ্যে পুরো স্থানান্তর সম্পন্ন করেন। তিনি বলেন, ‘দলের ভালো পরিবেশ বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের ইচ্ছাতেই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।’
গণমাধ্যমের আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শব্দদূষণের পাশাপাশি স্বাস্থ্যবিধিসংক্রান্ত কিছু সমস্যাও হোটেল পরিবর্তনের অন্যতম কারণ ছিল। এ বিষয়ে ফিফা দ্রুত সাড়া দিয়ে নতুন হোটেলের ব্যবস্থা করতে সহায়তা করে এবং স্থানান্তরের অধিকাংশ ব্যয় বহনেরও সম্মতি দেয়।
নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড বলেন, ‘এটি আমাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই শতভাগ প্রস্তুত থাকাই আমাদের লক্ষ্য।’ তিনি আরো জানান, শুরুতে স্থানান্তর কিছুটা বিশৃঙ্খল হলেও এখন দলের সবাই স্বস্তিতে রয়েছে।
আগামী শনিবার মিয়ামিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। শেষ আটে ওঠার পথে নরওয়ে ব্রাজিলকে ২-১ এবং ইংল্যান্ড মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে জায়গা নিশ্চিত করেছে।



