সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০২১ সালে রয়েল রিসোর্টে আমাকে পরিকল্পিতভাবে হত্যার নীলনকশা করেছিল। সেই নীলনকশায় তারা নিজেরাই ফেঁসে গেছেন।
গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ খেলাফতে মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাওলানা ইকবাল হোসাইন স্মরণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, তৌহিদী জনতার কণ্ঠরোধে মিথ্যা মামলার পথ বেছে নিয়েছিল ফ্যাসিবাদি সরকার। সেই মিথ্যা মামলা বর্তমান সরকার প্রত্যাহার করে নিয়েছেন। ২১ সালের রয়েল রিসোর্টের মিথ্যা মামলাসহ হেফাজতে ইসলামের সকল মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে। রয়েল রিসোর্টের ঘটনায় দায়ের করা মিথ্যা মামলায় খেলাফত মজলিসের সোনারগাঁও থানা কমিটির তৎকালীন সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের গ্রেফতার, কারা বরণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি অমানবিক নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন।
বাংলাদেশ খেলাফতে মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মসলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, নারায়ণগঞ্জে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান প্রমুখ। এ সময় খেলাফতে মজলিস ও হেফাজতে ইসলামের নেতাকমী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাওলানা ইকবাল হোসাইন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



