কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খান নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বলেছেন, ‘আমাকে নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে। কিন্তু আমি ষড়যন্ত্রের রাজনীতিতে জড়াতে চাই না। কারো বিরুদ্ধে অভিযোগ তুলতেও আগ্রহী নই। আমি সবাইকে বুকে টেনে নিতে চাই, সবাইকে সাথে নিয়ে এই এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে চাই। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা।
মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন রাশেদ খান। এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশকে আর কেউ পিছিয়ে নিতে পারবে না। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের ভেতরে যারা যুক্ত আছেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মান-অভিমান ভুলে ধানের শীষকে বিজয়ী করতে সবাই একসাথে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে রাশেদ খান বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে। অফিস-আদালতে দুর্নীতি বন্ধ করা হবে, সরকারি সেবা পেতে অতিরিক্ত অর্থ বা বিশেষ সুপারিশের প্রয়োজন থাকবে না। একই সাথে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।



