ইসলামী ব্যাংককে এস আলমের দোসরমুক্ত করতে বিভিন্ন স্থানে গ্রাহকদের কর্মসূচি

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও ব্যাংকটিকে লুটেরাদের হাত থেকে রক্ষায় দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন সচেতন গ্রাহকরা। তারা গ্রাহকদের আমানত রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছেন।

সিলেটে বৈরী আবহাওয়ায় ও অবস্থান কর্মসূচি অব্যাহত

সিলেট ব্যুরো জানায়, সিলেটে টানা দ্বিতীয় দিনের মতো গতকাল ব্যাংক কার্যালয়ের সামনে পৃথক অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সিলেট। সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নগরীর তালতলা, জিন্দাবাজার, লালদিঘীরপাড়, আম্বরখানা, দক্ষিণ সুরমা, শাহপরান ও শিবগঞ্জ এলাকায় ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে পৃথক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে কর্মসূচি পালিত হয়। এ ছাড়াও ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা-উপশাখার সামনে সচেতন গ্রাহকদের সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে বিপুলসংখ্যক গ্রাহক অংশ নেন। এ সময় গ্রাহক ফোরামের অনুরোধে ব্যাংক কর্মকর্তারা কলম বিরতি করেন।

রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো জানায়, ইসলামী ব্যাংকের ওপর অবৈধ হস্তেেপর প্রতিবাদ এবং ব্যাংকটিকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ইসলামী ব্যাংকের প্রধান ফটকের সামনে গতকাল এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

মানববন্ধনে তারা অভিযোগ করেন ইসলামী ব্যাংক সাধারণ মানুষের আমানতের প্রতিষ্ঠান। দেশের বহু মানুষ সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা রেখে এখানে লেনদেন করেন। ব্যাংকটির কার্যক্রমে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।

বক্তারা আরো বলেন, আন্দোলনরত গ্রাহক ও সমর্থকদের ওপর দমনমূলক আচরণ করা হচ্ছে। ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষায় গৃহীত বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা; অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতা খায়রুল ইসলাম, কামরুজ্জামান সোহেল, মাওলানা মো: মোস্তাফা আল মারুফ, আরিফ বিল্লাহ, আবু আব্বাসসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।