বুড়িচংয়ে পুলিশের গাড়িতে হামলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকালা সকালে মহাসড়কের নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলেও বিঘœ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো: আবদুল মমিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় থ্রি-হুইলার চালকরা ক্ষুব্ধ হয়ে সঙ্ঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল মমিন জানান, অবৈধ থ্রি-হুইলার আটকের পর ৩০ থেকে ৩৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ও পিটিয়ে ভাঙচুর করে এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরো জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা।
কসবায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বজনের কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজ চলছিল। একপর্যায়ে কবর ঢাকার কাজে ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) তৈরি চারপায়া সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে নুরু মিয়া ও সানাউল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।
বাবা-মাকে বঞ্চনায় ছেলে গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে বৃদ্ধ পিতা-মাতার ভরণ-পোষণ বঞ্চনার অভিযোগে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার চেড়িয়ারা এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বাবা-মার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর আওতায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে শাহরাস্তি মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন উপজেলার চেড়িয়ারা (পাটোয়ারী বাড়ি) গ্রামের বাসিন্দা আবু ইউছুফ পাটোয়ারী (৩৫), তিনি মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে। শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা।
খুলনায় ডিসি অফিসে আলোচনা সভা
বিশ^ তামাকমুক্ত দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার আলোচনা সভা খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, প্রত্য ধূমপানের চেয়ে পরো ধূমপান মানবস্বাস্থ্যের জন্য অধিক ক্ষতিকর। ব্যক্তি, পরিবার ও সমাজকে তামাকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করতে হলে, এখনই সচেতনতা বৃদ্ধি জরুরি। তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধূমপান ও তামাকজাত পণ্যের সাথে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কর্মসংস্থান, বিদেশে পাঠানোর সুযোগ ও কনসার্ট আয়োজনসহ বিভিন্ন প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। খুলনার সিভিল সার্জন ডা: মোছা: মাহফুজা খাতুনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট নূরুল হাই মোহাম্মদ আনাছ। সভায় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাকিয়া সুলতানা, কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল বাকী, খুলনা মহিলাবিষয়ক দফতরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। খুলনা ব্যুরো।
কুষ্টিয়ায় ২ পুলিশ কর্মকর্তা আহত
কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যাবসায়ী জাহিদকে গ্রেফতার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় মিরপুর থানার দুই সহকারী উপপরিদর্শক আহত হয়েছেন। গত সোমবার রাতে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মশান এলাকা থেকে জাহিদকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ এবং গাড়ি থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আহত পুলিশ কর্মকর্তারা হলেন- মিরপুর থানার এএসআই শামসু ও এএসআই ফারুক। তারা বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা।
মাদকসহ মধুপুরে ৫ কারবারি আটক
টাঙ্গাইলের মধুপুরে র্যাব-১৪ কর্তৃক পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা, ৬০০ পিস নেশাজাতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশন এবং ৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজন আন্তঃজেলা মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৪ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গত ৬ জুন র্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প মধুপুর থানার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান চালায়। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা।
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর আত্মহত্যা
চুয়াডাঙ্গার জীবননগরে সোহানা খাতুন (১৪) নামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি- সে আত্মহত্যা করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে আজ সোমবার (৮ জুন) সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, রোববার রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের ফুলতলা মসজিদ সংলগ্ন এলাকায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশের বিষয়ে পুলিশে খবর দেয়। নিহত সোহানা খাতুন জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মোল্লা আব্দুর জব্বারের মেয়ে। পরিবারসহ তিনি পেয়ারাতলা গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। চুয়াডাঙ্গা থেকে প্রতিনিধি।
মাদকসহ ৩ কারাবারি আটক
রাজবাড়ীর পাংশায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার পাংশা পৌর শহরের রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রঘুনাথপুর গ্রামের জাকির সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার (২৬), নিভা এনায়েতপুর গ্রামের তছলিম শেখ ও নিজাম শেখের ছেলে আল আমীন শেখ (২৫) এবং গুধিবাড়ী গ্রামের হাসান আলী মোল্লার ছেলে আশরাফুল হক (৪২)। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এবং আটককৃত তিন আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। রাজবাড়ী প্রতিনিধি।



