গরিব পরিচয়ে ধনাঢ্য ব্যবসায়ীর খাসজমি লিজ নেয়ার অভিযোগ

Printed Edition

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আদালত পুকুরপাড়ের খাসজমি লিজ দেয়া নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। প্রকৃত গরিব ও ভূমিহীনদের সুবিধার্থে লিজ দেয়ার নিয়ম থাকলেও ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তিরা তা দখল করছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং পুকুরপাড়ের সব লিজ বাতিলসহ চত্বরের পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় অধিবাসীরা।

অভিযোগ উঠেছে, আলমনগর গ্রামের প্রতিষ্ঠিত ফার্নিচার ব্যবসায়ী অর্জিত সূত্রধর নিজেকে অত্যন্ত দরিদ্র হিসেবে ভুয়া পরিচয়ে পুকুরপাড়ের একটি অংশ লিজ নিয়েছেন। তবে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা জানান, অর্জিত সূত্রধরের বড় ফার্নিচার কারখানা, বিশাল শোরুম ও একাধিক বাড়ি রয়েছে। এ ছাড়া তিনি দীর্ঘ দিন প্রবাসেও ছিলেন। শুধু অর্জিত সূত্রধরই নন, পুকুরের পূর্ব, পশ্চিম ও উত্তর পাড়ের জমি অন্যান্য স্বাবলম্বী ব্যক্তির নামে বরাদ্দ দেয়া হয়েছে। এর ফলে প্রকৃত সুবিধাবঞ্চিতরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

চত্বরে বাণিজ্যিক স্থাপনা গড়ে ওঠায় আদালতের সৌন্দর্য, নিরাপত্তাব্যবস্থা ও বিচারপ্রার্থীদের স্বাভাবিক চলাচল বিঘিœত হচ্ছে বলেও মানববন্ধনে দাবি করেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ অস্বীকার করে অর্জিত সূত্রধর বলেন, আমি সরকারি নিয়ম মেনেই লিজ নিয়েছি। গ্রামে শুধু পৈত্রিক বাড়ি আর একটি ছোট ভাড়া দোকান আছে। জীবিকার তাগিদে বিদেশে গেলেও সুবিধা করতে পারিনি। তাই ব্যবসায়ের জন্য দোকান লিজ নিয়েছি।

মানববন্ধনে প্রেস ক্লাব সভাপতি হোসেন শান্তির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- আবু কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, কান্তি কুমার ভট্টাচার্য, শাহীন রেজা টিটু, তাজুল ইসলাম চৌধুরী, আলমগীর হোসেন ও মহসিন মিয়া। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে আদালত চত্বর দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।