ময়মনসিংহ অফিস
দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দেশে সারের কোনো সঙ্কট নেই। পাশাপাশি বিদেশ থেকেও সার আমদানি করা হচ্ছে। কেউ কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের নান্দাইলে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভাবমর্যাদা ক্ষুণœ করার উদ্দেশ্যে কেউ যদি সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করেন এবং কোনো কৃষক অভিযোগ করেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে ডিলারশিপও বাতিল করা হবে।
তিনি বলেন, সারের সঙ্কট মোকাবেলায় ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। ডিলারদের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম তদারকি করা হবে। প্রান্তিক পর্যায়ের কৃষকরা যাতে সঠিকভাবে সার পান, তা নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সার সঙ্কট মোকাবেলায় নতুন করে ডিলার নিয়োগের বিষয়েও মন্ত্রিপরিষদের সভায় আলোচনা হয়েছে।
আসন্ন আমন মৌসুমে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে সার বিতরণের ওপর গুরুত্বারোপ করে তিনি উপজেলা কৃষি কর্মকর্তাকে মাঠপর্যায়ে প্রয়োজনীয় তদারকির নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, বিসিআইসি সার ডিলার, খুচরা সার ডিলার ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।



