ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

Printed Edition

হিন্দুস্তান টাইমস

ভারতের অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলায় আকস্মিক বন্যায় (হড়পা বান) একটি সেনা ক্যাম্পের দু’টি আশ্রয়কেন্দ্র ভেসে গিয়ে পাঁচজন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে বলে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসইওসি)।

পুলিশ সুপার পঙ্কজ কুমার জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দিবাং ভ্যালির মিউপি সার্কেল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পাসু পানি এলাকায় হঠাৎ একটি পাহাড়ি স্রোত ফুলে-ফেঁপে ওঠে এবং আশপাশের এলাকা প্লাবিত করে। এতে ফিফথ গ্রেনেডিয়ার্সের পাসু পানি সেনা ক্যাম্পের দু’টি আশ্রয়কেন্দ্র বন্যার জলে ভেসে যায়। এ সময় সাতজন সেনা সদস্য তীব্র স্রোতের মুখে পড়েন। দ্রুত দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ এই সেনা সদস্যরা হলেন- হাবিলদার উপেন্দ্র এবং জওয়ান কুন্দন, বিনোদ, আদিত্য ও সমুনদা।

নিখোঁজ জওয়ানদের সন্ধানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। এসডিআরএফ, এনডিআরএফ এবং জেলা ডিডিএমও’র পাশাপাশি ফিফথ গ্রেনেডিয়ার্সের দু’টি অনুসন্ধান ও উদ্ধারকারী দল মাঠে নেমেছে। এ ছাড়া, আইটিবিপির ৫৮তম ব্যাটালিয়ন, জিআরইএফ-এর ৬২ আরসিসি, অরুণাচল প্রদেশ পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরাও এই উদ্ধার অভিযানে সহায়তা করছেন। পাসিঘাট থেকেও উদ্ধারকাজে যোগ দিয়েছে ১০ সদস্যের একটি এসডিআরএফ দল। সেনা ক্যাম্প ও অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে।

অন্যদিকে, শুক্রবার রাজ্যের আপার সুবানসিরি জেলায় আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। কিওজারিং-বিয়াচিং সড়কসংলগ্ন এলাকায় ভূমিধসের কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- তাদু বাকি, তাজি রাই, মার্কোশ বসুমাতারি ও বাবুল আলী। এর মধ্যে বাবুল আলীর লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের সন্ধানে নাচো থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি এসডিআরএফের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।