লিফট থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ম্যান লিফট থেকে নিচে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে প্রকল্পের অভ্যন্তরে নিকিমথ কোম্পানির একটি বহুতল ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি প্রকল্পে নিকিমথ কোম্পানির অধীনে সাব-কনট্রাক্ট শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। দুপুরে ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত আনুমানিক ২০ ফুট ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন উজ্জ্বল। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার খোঁজখবর নেয়া শুরু করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা।
মতলবে ৪ মাদক কারবারি গ্রেফতার
চাঁদপুরের মতলব দক্ষিণে পৃথক দু’টি অভিযানে ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে নারায়ণপুর বাজার এলাকা থেকে ৫ পিস ইয়াবাসহ মোজাম্মেল সরকার (৪৮) ও হাবিবুর রহমান মিয়াজীকে (৩৫) গ্রেফতার করা হয়। ওসি হাফিজুর রহমান মানিক জানান, গ্রেফতার মোজাম্মেলের বিরুদ্ধে থানায় আগেই তিনটি মাদক মামলা রয়েছে। অন্য দিকে শুক্রবার দুপুরে উপজেলার ঘিলাতলী এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে পুলিশ ও উপজেলা প্রশাসন। সেখান থেকে মাদক বিক্রির অভিযোগে তামজিদ মিয়া (২৮) ও দেলোয়ার হোসেনকে (২৬) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন। মতলব দক্ষিণ থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে। মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা।
বিজিবির অভিযানে মাদকসহ আটক ৪
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক দু’টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, অবৈধ ওষুধ উদ্ধার এবং বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। উদ্ধার করা চোরাচালানি মালামালের বাজারমূল্য প্রায় ১৩ লাখ পাঁচ হাজার টাকা। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল শুক্রবার ভোরে গয়েশপুর বিওপির সদস্যরা গয়েশপুর গ্রামের একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৩০ গ্রাম গাঁজা ও চার হাজার ৩৬০ পিস ওষুধ উদ্ধার করেন। এর আগে বৃহস্পতিবার রাতে খোসালপুর সীমান্ত এলাকা থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক পুরুষ, এক নারী ও দুই তৃতীয় লিঙ্গের সদস্যসহ মোট চার বাংলাদেশীকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি কর্মকর্তা মুন্সী ইমদাদুর রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।
৫ হাজার মানুষ পেলেন চক্ষুসেবা
বগুড়ায় প্রায় পাঁচ হাজার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শ ও চিকিৎসাসেবা দেয়া হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা: জুবাইদা রহমানের উদ্যোগে এবং আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শুক্রবার বগুড়া পৌর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পে আসা রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে ৫০০ জন চিহ্নিত রোগীকে লেন্সসহ ছানি অপারেশনের জন্য বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। কর্মসূচিটি পরিদর্শন করেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুসহ বিভিন্ন চিকিৎসক ও স্থানীয় রাজনৈতিক নেতারা। আয়োজকরা জানান, অর্থাভাবের কারণে কোনো অসচ্ছল মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন; সেই মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। বগুড়া অফিস।
বীরগঞ্জে অবৈধ সার মজুদে কারাদণ্ড
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিয়মবহির্ভূতভাবে মজুদ করা এক হাজার ৮৯০ বস্তা রাসায়নিক সার জব্দ এবং এক অটো রাইস মিলের ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। জানা যায়, গতকাল শুক্রবার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং মিলে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে রাখা এক হাজার ৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি ও ২১৬ বস্তা এমওপি সার জব্দ করা হয়। অভিযান শেষে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাইস মিলের ম্যানেজার কাজী ফয়সালকে সশ্রম কারাদণ্ড দেন। অন্য দিকে পার্শ্ববর্তী কাহারোল উপজেলায় অবৈধ সার মজুতের অভিযোগে অপর এক ব্যবসায়ী ও বিএনপি নেতার গোডাউন সিলগালা করে সব সার জব্দ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। বীরগঞ্জ-কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
২ সাংবাদিকের ওপর হামলা
গতকাল শুক্রবার মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালে নকলের দৃশ্য ধারণ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষকদের উপস্থিতিতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। হামলার শিকার দুই সাংবাদিক হলেন নাগরিক টিভির মেহেরপুর প্রতিনিধি রাব্বি এবং দৈনিক খবরের কাগজের প্রতিনিধি এস এম তারিক। তারা অভিযোগ করেন, শিক্ষার্থীরা টেবিলে বই খুলে পরীক্ষা দিচ্ছিলেন। সেই দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে কলেজ শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর হামলা চালান এবং অবরুদ্ধ করে রাখেন। সহকর্মীরা তাদের উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। সাংবাদিক নেতারা হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গাংনী (মেহেরপুর) সংবাদদাতা।
মাদকের টাকা না পেয়ে আত্মহত্যা
ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চেয়ে না পেয়ে জসিম সরদার নামে এক রাজমিস্ত্রি আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার সহস্রাইল বাজারের পাশে একটি ভাড়া বাসায় ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, জসিম দীর্ঘদিন ধরে গুরুতর মাদকাসক্ত ছিলেন। শুক্রবার ভোরে কাজে যাওয়ার সময় স্ত্রী চুমকী সুলতানার কাছে ইয়াবা কেনার জন্য ৩০০ টাকা চান তিনি। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে কাজে চলে গেলে চার বছরের শিশুপুত্রের সামনেই ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেন জসিম। বোয়ালমারী থানার উপপরিদর্শক মিন্টু লস্কর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা।
কসাই হত্যা মামলার আসামির যাবজ্জীবন
চাঁদপুরের মতলব দক্ষিণে আর্থিক লেনদেনের বিরোধে কসাই নুর মোহাম্মদকে শ্বাসরোধে হত্যার দায়ে সুজন সরকার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। গত বৃহস্পতিবার চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। ২০১৬ সালের ২ মার্চ মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামের একটি খালি জমি থেকে কসাই নুর মোহাম্মদের লাশ উদ্ধার করা হয়। জানা যায়, নিহত নুর মোহাম্মদ ও আসামি সুজন মাছ ও গোশত ব্যবসার সুবাদে পরিচিত ছিলেন। পাওনা টাকা চাওয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সুজন তাকে কৌশলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেন। মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা।



