সচিবের দায়িত্ব নিলেন সাইদুর রহমান

ইমেজ সঙ্কট কাটিয়ে দুদককে জনবান্ধব প্রতিষ্ঠান বানাতে চাই

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ইমেজ সঙ্কট কাটিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরো জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত সচিব মো: সাইদুর রহমান খান। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে সচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সার্চ কমিটি গঠন হয়েছে জানিয়ে সাইদুর রহমান বলেন, দ্রুততম সময়েই কমিশন গঠন হবে। নতুন সরকার গঠন হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার আছে। সংস্কারে কিছু উদ্যোগ নেয়া হয়েছে। আমরা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি। এর অংশ হিসেবে এখানে যোগ দিয়েছি।

সুশাসনের জন্য দুর্নীতি নির্মূল করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, দুদক সম্পর্কে নানা রকম রটনা রয়েছে, দুর্নাম রয়েছে। আমরা চাই এই দুর্নামগুলো দূর করে দুদককে কিভাবে আরো জনবান্ধব করা যায়, মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। আমাদের যে ইমেজ সঙ্কট ছিল, সেটা যেন দূর করতে পারি। এ ব্যাপারে সততা ও নিষ্ঠা নিয়ে আমরা একসাথে কাজ করব।

তিনি বলেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনই আমাদের অঙ্গীকার। একইসাথে দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে। দুর্নীতি নির্মূল ছাড়া সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দুর্নীতিকে নির্বাসনে পাঠাতে হবে।

এর আগে গত ২৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো: সাইদুর রহমান খানকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। তিনি বিদায়ী সচিব মোহাম্মদ খালেদ রহীমের স্থলাভিষিক্ত হয়েছেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা সাইদুর রহমান খান এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।