পরাজয় এড়াতে লড়ছেন শাকিল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আগের দিন বৃষ্টি ও আলোস্বল্পতার কারণে খেলা হয়েছিল ২৪.৫ ওভার। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৭৭ রান। আর তাতেই লিড দাঁড়িয়েছিল ৩৫৭ রান। চতুর্থ দিন গতকাল ২০৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। পাকিস্তানের হয়ে ৫টি উইকেট নেন মোহাম্মদ আব্বাস। সব মিলে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৮৯ রান। চতুর্থ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের ব্যর্থতায় পরাজয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান।

লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ১৮০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫৪.২ ওভারে অলআউট হয় ইংলিশরা। চতুর্থ ইনিংসে বড় লক্ষ্যকে তাড়া করতে নেমে ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে পাকিস্তান। এরপর ১১১ রানে চতুর্থ উইকেটের পতন। দলীয় স্কোরে এক রান যোগ করতেই মোহাম্মদ রিজওয়ানকেও হারিয়ে পরাজয়ের শঙ্কায় ধুঁকছে সফরকারীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৯ ওভার শেষে ৫ উইকেটে ১৩৬ রান সংগ্রহ পাকিস্তানের। এর মাঝেই লড়াই চালিয়ে যাচ্ছেন সাউদ শাকিল। ৭৪ রানে ব্যাটিংয়ে ছিলেন তিনি। অপর প্রান্তে ১২ রান নিয়ে ছিলেন আলী উসমান। পাকিস্তানের পাঁচ উইকেট পতনে বড় ভূমিকা রাখেন প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়ে অলি রবিনসন। ম্যাচ জিততে এখনো ২৫৩ রান প্রয়োজন পাকিস্তানের। আর ৫ উইকেট ইংল্যান্ডের।