রাজধানীতে আ’লীগের নেতাকর্মীসহ সাইবার প্রতারক ও অনলাইন জুয়াড়ি গ্রেফতার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে সাইবার প্রতারক, অনলাইন জুয়াড়ি, ছিনতাইকারী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীসহ বিপুলসংখ্যক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে এনআইডি ও জন্মনিবন্ধন বিক্রি : ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বেআইনিভাবে কল ডিটেইল রেকর্ড (সিডিআর), জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধনের তথ্য, এসএমএস কনটেন্ট ও এলসিএল বা এলআরএল বিক্রি করার অভিযোগে অমিত পাল নামের এক সাইবার প্রতারককে গ্রেফতার করেছে সিটিটিসি। ডিএমপির মিডিয়া উপকমিশনার মো: আকতার হোসেন জানান, সিটিটিসি-সাইবার ইন্টেলিজেন্স টিম অভিযান চালিয়ে মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত স্মার্টফোন ও ডাটা বিক্রির ৪০ পাতার হোয়াটসঅ্যাপ চ্যাট স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করা হয় এবং তার বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়েছে।

অনলাইন জুয়া ও বিদেশে অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার : আন্তর্জাতিক খেলাধুলা ও অনলাইন ক্যাসিনোকে ঘিরে বেটিং পরিচালনা এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে টাকা পাচারের অভিযোগে টাঙ্গাইল থেকে একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো: ছুফি উল্লাহ জানান, তারা বেটিং সাইটে ব্যবহারের জন্য এজেন্টদের এমএফএস ও ব্যাংক হিসাব সরবরাহ করতো এবং কমিশন রেখে বাকি টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করে আসছিল। এ বিষয়ে পল্টন থানায় দায়ের করা মামলায় জড়িত অন্যদের ধরতেও সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

স্বর্ণের চেইনসহ ছিনতাইকারী আটক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় রফিকুল ইসলাম (৫০) নামে এক দুর্বৃত্তকে হাতেনাতে আটক করেছে ট্রাফিক-যাত্রাবাড়ী বিভাগ। রোববার রাতে তাকে আটকের পর উদ্ধার করা চেইনসহ যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

আ’লীগের ৩২ নেতাকর্মীসহ শতাধিক গ্রেফতার : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপি। এ ছাড়াও ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮টি মামলায় ৫৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে মাদকদ্রব্যের পাশাপাশি একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি সামুরাই ও ২৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।