বুয়েন্স আইরেসে ব্যাপক সংহিসতা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর রাজধানী বুয়েন্স আইরেসে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। ম্যাচটি বড় পর্দায় দেখতে শহরের বিভিন্ন সড়কে জড়ো হওয়া হাজারো সমর্থকের মধ্যে পরাজয়ের পর হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়। স্থানীয় সময় রাত প্রায় পৌনে ১২টার দিকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সাথে ক্ষুব্ধ সমর্থকদের সংঘর্ষ শুরু হয়।

আর্জেন্টাইন গণমাধ্যম ইনফোবে জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বেষ্টনী ভেঙে কয়েকজন সমর্থক একটি স্মৃতিস্তম্ভের ওপর উঠে পড়লে পরিস্থিতির অবনতি ঘটে। এরপর সেখানে হঠাৎ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। পুলিশের সদস্যদের লক্ষ্য করে কয়েকজন বিক্ষোভকারী কাচের বোতল ও অন্যান্য বস্তু ছুড়ে মারেন। পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পরে সংঘর্ষে জড়িত কয়েকজনকে আটক করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।