এক জোড়া স্বর্ণের দুলের লোভে রাকামুনিকে হত্যা

Printed Edition

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার সাহেবপাড়া রেলওয়ে বস্তিতে ছয় বছর বয়সী শিশু রাকিকা আক্তার (রাকামুনি) হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, এক জোড়া স্বর্ণের দুল লুটের উদ্দেশ্যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রাকামুনি। নির্ধারিত সময়ে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মাইকিং করা হলে স্থানীয়দের সন্দেহ হয় প্রতিবেশী আমজাদ হোসেনের ওপর। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে মুরগির ঘর থেকে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর স্থানীয়রা আমজাদ হোসেন ও তার স্ত্রী বন্যা বেগমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ পরবর্তীতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী বাবু হোসেন ও তার স্ত্রী আয়েশা বেগমকেও আটক করা হয়।

নিহত শিশুর পরিবার জানায়, রাকামুনির কানে দুই আনা ওজনের সোনার দুল ছিল। কয়েক দিন ধরে আমজাদ হোসেন তাদের কাছে ছয় হাজার টাকা ধার চাইছিলেন। ধার না পাওয়া এবং সোনার দুলের লোভে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।

জানা যায়, রাকামুনির মা-বাবার বিচ্ছেদের পর থেকে শিশুটি দাদী রেহেনা বেগম ও ফুফু লিপি আক্তারের আদর যতেœ বড় হচ্ছিল।

আদমদীঘি থানার ওসি মো: কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে।