অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের অষ্টগ্রামে লাউড়া-নাজিরপুরের মধ্যবর্তী স্থানে নির্মিত একটি সেতুর কারণে নদীর পলি জমে শতাধিক একর ফসলি জমি ও ঐতিহ্যবাহী ছাফরা বিল হুমকির মুখে পড়েছে। সেতুর নিচে পলি জমে পানি প্রবাহ ও নিষ্কাশনব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। একই সাথে সেতুর নিচে সৃষ্টি হয়েছে বড় গর্ত ও ভাঙন।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে নির্মিত সেতুটির নিচ দিয়ে উজান থেকে আসা মাটি, বালি ও পলিযুক্ত পানির তীব্র স্রোত প্রবাহিত হচ্ছে। স্রোতের সাথে আসা পলি আশপাশের কৃষিজমি ও ছাফরা বিলে জমা হয়ে মোটা ‘স্তর’ তৈরি করছে। এতে প্রতি বর্ষায় পলি জমে বিল ও জমির তলদেশ উঁচু হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। শুষ্ক মৌসুমে সেচ ও চাষাবাদও কঠিন হয়ে পড়ছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের আশঙ্কা, এ অবস্থা অব্যাহত থাকলে আগামী এক-দুই বছরের মধ্যে এসব জমিতে ফসল উৎপাদন অসম্ভব হয়ে পড়বে। এতে কৃষিনির্ভর বহু পরিবার সঙ্কটে পড়বে।
স্থানীয় ইউপি সদস্য জুসেল মেম্বার বলেন, একসময় ছাফরা বিল ছিল এলাকার সমৃদ্ধির প্রতীক। বর্ষা শেষে এখানে পলো বাইচের উৎসব হতো। এখন পলি জমে বিলটি আশপাশের মাঠের চেয়েও উঁচু ও শুষ্ক হয়ে গেছে। বিলটির অস্তিত্ব এখন হুমকির মুখে।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, বিষয়টি তার জানা নেই। তবে সরেজমিন পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এলাকাবাসী কৃষিজমি ও ছাফরা বিল রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, সেতুটির কারণে সৃষ্ট সমস্যা নিরসনে প্রকৌশলগত সমাধানের পাশাপাশি নদী ও বিলের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা জরুরি।



