দামুড়হুদায় স্বর্ণের ৮টি বার উদ্ধার

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৭৬ লাখ টাকা মূল্যের আটটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার বেলা পৌনে ১২টার দিকে মুন্সিপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো: মিজানুর রহমান (৬১)। তিনি দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।

বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা গেছে, দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে মুন্সিপুর বিওপির সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন মিজানুর রহমানকে চার্জ করে বিজিবি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৬ লাখ এক হাজার ২৩০ টাকা। এ ছাড়া এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।