নয়া দিগন্ত ডেস্ক
বিয়ে মানেই একটি স্মরণীয় ঘটনা। তা শুধু পাত্র-পাত্রী বা তাদের পরিবারের কাছেই নয়, অন্য আত্মীয়-পরিজনের মনেও বিশেষভাবে স্থান পায় দিনটি। তবে সম্প্রতি এমন এক জোড়া বিয়ে অনুষ্ঠিত হয়, যা বর-কনের চেনা চৌহদ্দির বাইরে গিয়ে সাধারণ মানুষের মনেও জায়গা করে নিয়েছে। নেপথ্যে রয়েছে একটি অভিনব কারণ। সে বিয়েতে যমজ ভাইয়েরা বাঁধা পড়েছেন যমজ বোনেদের সাথে। আর তাদের বিয়ে সম্পন্ন করেছেন যে পাদরিরা, তারাও যমজ। এখানেই শেষ নয়, আরো একটি বিশেষ ভূমিকায় ছিলেন আর এক জোড়া যমজ ভাই।
ঘটনাটি ভারতের কেরালা রাজ্যের। সংবাদ প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে সেখানকার চঙ্গনশেরী মেট্রোপলিটন চার্চে বিয়ের অনুষ্ঠানটি হয়। পাত্র দু’জন চঙ্গনশেরীর বাসিন্দা। তারা কুঞ্জুমন থমাস এবং জোমোলের যমজ পুত্র অখিল কে থমাস এবং নিখিল কে থমাস। তারা দু’জনেই জাহাজে চাকরি করেন। আর যমজ কনেরা হলেন পথনমথিট্টা জেলার কুম্বুলুবেলিলের কুলথুর অঞ্চলের বাসিন্দা তোমিচন এবং মেরিকুট্টীর সন্তান ম্যাগি মেরি থমাস এবং মারিয়া মেরি থমাস। তারা দু’জন তথ্যপ্রযুক্তি কর্মী।
অখিলের সাথে বিয়ে হল ম্যাগির এবং নিখিলের সাথে মারিয়ার। এই বিয়ে সম্পন্ন করার দায়িত্বে যারা ছিলেন, তারাও যমজ ভাই। ফাদার আন্তো পেড়–মকত্তিল এবং ফাদার আজো পেড়ুমকত্তিল। শুধু তাই-ই নয়, তাদের সহায়ক হিেিসবে ছিলেন আরও দুই যমজ। জেরোন জেমস এবং জোহোন জেমস।
কনের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, এ তাদের বহু দিন ধরে লালন করা স্বপ্ন। তারা চেয়েছিল, তাদের যমজ কন্যাসন্তানের বিয়ের প্রতিটি পর্বের সাথে জড়িত থাকুন যমজেরাই। যমজ বোনেরা নিজেরাই যমজ যাজকের সন্ধান করেছিলেন বলে জানা গিয়েছে। অবশেষে কোথনল্লুরের একটি গির্জার মাধ্যমে এই যমজ পাদরির খোঁজ পাওয়া যায়। যমজদের সমাবেশের জন্য সুপরিচিত এই গির্জাটি। যমজ পাদরিরা জানিয়েছেন, এই বিয়ের দায়িত্বে থাকা তাদের জীবনেরও একটি বিশেষ ঘটনা হয়ে থাকবে।



