বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে গতকাল ৩০ আগস্ট কমিশন সচিবালয়ে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো: নাজমুল আমীন মজুমদার। । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দিলাওয়েজ দুরদানা তার দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার বিচক্ষণ নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা এবং দায়িত্বশীল কর্মসম্পাদন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বিদায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবন কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে কর্ম কমিশনের বিজ্ঞ সদস্যরা ও কমিশন সচিবালয়ের সচিব তাদের বক্তব্যে বিদায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের কর্মনিষ্ঠা, মানবিক নেতৃত্ব, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং কমিশনের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তার উল্লেখযোগ্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, তার কর্মজীবনের অভিজ্ঞতা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কর্মকর্তাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। বিদায়ী বক্তব্যে দিলাওয়েজ দুরদানা কমিশনের বিজ্ঞ সদস্য এবং সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে কমিশন ও কমিশন সচিবালয়ের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষা নিয়ন্ত্রককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো: ফজলুর রহমান। বিজ্ঞপ্তি।



