নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের মধুপুরে তিনজনসহ দেশের বিভিন্ন স্থানে ১০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সাথে বালুভর্তি ট্রাকের সংঘর্ষে বাসের তিন যাত্রী ঘটনা স্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন অনন্ত আরো ২০ জন। তাদের মধ্যে গুরুতর আহত আটজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- সেতু আক্তার (২২), তাজবীর (৮) এবং অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪৫)। আহতদের মধ্যে নিহত তাজবীরের বাবা ধনবাড়ির পথিক, মাদারগঞ্জের শামীম, জিয়াউল, মেলান্দহের আনোয়ার, মধুপুরের আবু নাঈম, হনুফাসহ অন্তত ২০ জন রয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়া ফিলিংস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী ক্রাউন ডিলাক্স বাসটি রক্তিপাড়া পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনা কবলিত বাস থানায় আনা হয়েছে। তবে ট্রাকটি পালিয়ে যায়।
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস বরিশাল এক্সপ্রেস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল একটি সিএনজি। বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার দুই যাত্রীর মৃত্যু হয় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মেহেদী (২৪)। তিনি মো: বেল্লাল সরদারের ছেলে এবং অপরজন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া এলাকার বাসিন্দা এ বি এম আব্দুর রহিম। তিনি মৃত হোসেন মাস্টারের ছেলে। তিনি চরমোনাইয়ের কুরআন শিক্ষা বোর্ডের ইংলিশ শিক্ষক ছিলেন।
আহতরা হলেন- রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের রিমন চন্দ্র বেপারী (৩৫), ভান্ডারিয়া উপজেলার আবির রহমান (৩১), নজরুল ইসলাম (৫৫) এবং মাহিন্দ্রার আহত চালক পলাতক রয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের রুমা বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো: জামির উদ্দিন (৩০) ও রুপাইয়া আক্তার রুপা (৩১)। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় টুরিস্ট গাইডের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে জামির উদ্দিনের বাড়ি ভোলার চর বোরহান উদ্দিনে। রুপাইয়ার বাড়ি ঢাকার গাজীপুরে। বান্দরবানের পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন ওই পর্যটকরা স্থানীয় টুরিস্ট গাইড না নিয়েই সেখানে বেড়াতে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা খবর দিলে রাস্তার পাশে গভীর খাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার সারিঘাট এলাকার সরুফৌদ পাথরঘাটা মসজিদ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা। তিনি বিকন ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ (বিক্রয় প্রতিনিধি) ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন জৈন্তাপুরে একটি ব্যাংকে কোম্পানির টাকা জমা দিয়ে মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-হ-৭৫-০১৯৮) তার কর্ম এলাকা দরবস্তের দিকে যাচ্ছিলেন। এ সময় সিলেটের আখালিয়া থেকে তামাবিলগামী ৪৮ বিজিবির একটি গাড়ি (সিলেট হ-১১-০০৩২) বিপরীত দিক থেকে আসার সময় মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যান।
বিকন ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার আবির হোসেন জানান, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, মাদারীপুরের শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজের এক কলেজছাত্র কুয়াকাটা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে পটুয়াখালীর খলিশাখালী হেলিপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাওলাদার (২৩) শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামের মো: শাহিন হাওলাদারের ছেলে। তিনি শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজের ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি জাহিদ তার মামা রোকন আহমেদ ও রুবেল আহমেদের মায়ের দোয়া ফল ভাণ্ডারে চাকরি করতেন।
স্বজনরা জানান, গত পরশু দিন আট বন্ধু মিলে চারটি মোটরসাইকেলে কুয়াকাটা বেড়াতে যান। শুক্রবার সকালে বাড়ির উদ্দেশে রওনা দেয়ার পর পথে বৃষ্টির কারণে কিছুক্ষণ খলিশাখালী এয়ারপোর্ট এলাকায় একটি গাছের নিচে অপেক্ষা করেন। পরে আবার যাত্রা শুরু করলে জাহিদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের নিচে চলে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সাথে থাকা বন্ধুরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলে নিজবাড়ি লক্ষ্মীপুর যাচ্ছিলের নববিবাহিত দম্পত্তি। পথে কুমিল্লার চান্দিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলে শান্ত চন্দ্র শীল (৩২) নামে চিকিৎসক স্বামীর।
গতকাল শুক্রবার দুপুর পৌনে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা হাড়িখোলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত চন্দ্র শীল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কৃষ্ণ চন্দ্র শীলের ছেলে।
প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জনি জানান- ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একটি লরি একই মুখী একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দিলে ওই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী ছিটকে পড়ে গেলে তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক স্বামী শান্তকে মৃত ঘোষণা করেন।



