নয়া দিগন্ত ডেস্ক
যৌতুকের বকেয়া ও নতুন দাবিকৃত অর্থ না পেয়ে মাদারীপুর ও নীলফামারীতে পৃথক দু’টি নৃশংস ঘটনায় দুই গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। মাদারীপুরে শ্বাসরোধে এবং নীলফামারীতে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগে মামলা ও পুলিশি তদন্ত শুরু হয়েছে।
মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে যৌতুকের দাবিতে সুমি আক্তার (২০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুমি ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।
জানা যায়, আড়াই বছর আগে উত্তর ঝিকরহাটির আকবর হাওলাদারের সাথে সুমির বিয়ে হয়। বিয়ের পর থেকেই কলহ চলছিল। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে চাপ দেয় শ্বশুরবাড়ির লোকজন। এতে অস্বীকৃতি জানালে তার ওপর নির্যাতন চালানো হতো। গত রোববার রাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে সুমিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের।
ঘটনার পর অভিযুক্ত স্বামী আকবরসহ পরিবারের সদস্যরা পালিয়ে যান। মাদারীপুর সদর থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্বজন ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে স্পষ্ট হবে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামের এক গৃহবধূকে যৌতুকের জন্য পিটিয়ে হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। গতকাল সোমবার দুপুরে নীলফামারী প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহতের বাবা আব্দুল জব্বার।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রথম স্বামীর মৃত্যুর পর নাছরিনকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকার আব্দুল মান্নানের সাথে বিয়ে দেয়া হয়। বিয়েশাদিতে পাঁচ লাখ টাকা যৌতুক দেয়া সত্ত্বেও আরো তিন লাখ টাকার জন্য নাছরিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এতে মান্নানের প্রথম স্ত্রীর সন্তান ও তাদের স্ত্রীরাও জড়িত ছিলেন।
অভিযোগ করা হয়, গত ২৬ আগস্ট আরো তিন লাখ টাকা যৌতুক আনতে অস্বীকৃতি জানালে নাছরিনকে বেদম পিটিয়ে হত্যা করা হয়। পরে ঘটনাটি ঢাকতে লাশের গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ময়নাতদন্ত সম্পন্ন করে।



