ক্রীড়া প্রতিবেদক
ব্যাট হাতে দুর্দান্তভাবে ছন্দে ফিরলেন ভারতের টি-২০ দলের নিয়মিত মুখ অভিষেক শর্মা। পাঞ্জাব স্টেট ইন্টার ডিস্ট্রিক্ট সিনিয়র ওয়ানডে লিমিটেড ওভারস টুর্নামেন্টে খেললেন রেকর্ডগড়া এক ইনিংস। অমৃতসর সিনিয়রের হয়ে তারন তারনের বিপক্ষে মাত্র ৯১ বলে ২৩৩ রান করেন অভিষেক। ২৫ বছর বয়সী ওপেনারের ইনিংসটি সাজানো ছিল ১৫ চার ও ২৫ ছক্কায়। স্ট্রাইক রেট ছিল ২৫৬.০৪। এই ইনিংসটি অভিষেকের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় উপলক্ষ। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে যথাক্রমে ১, ৮ ও ২ রান।
অভিষেকের সাথে উদ্বোধনী জুটিতে দারুণ ব্যাটিং করেন অভয় চৌধুরী। দু’জন মিলে যোগ করেন ৩০৫ রান। অভয় ৮৫ বলে করেন ৯৩ রান। প্রথম ব্যাটার হিসেবে অভিষেক আউট হলে এই জুটি ভাঙে। ২৫তম ওভারের চতুর্থ বলে তাকে ফেরান আশিষ লোরেন্স। চার নম্বরে নেমে ১৮ বলে ২৯ রান করেন উইকেটরক্ষক ব্যাটার সলিল অরোরা। অভিষেকের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অমৃতসর। জবাবে ৩১৩ রানের বেশি করতে পারেনি তারন। সব মিলে ১০০ ওভারের এই ম্যাচটিতে ৮৪৬ রান হয়েছে।



