গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫ নম্বর সাপমারা ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন আয়োজনের আবেদন নিষ্পত্তি করতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল এ আদেশ দেন। মো: এনামুল হক দায়ের করা ২০২৬ সালের রিট পিটিশন নং-৬৮৭৮ এর শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল আলম।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: আবিদ চৌধুরী, ডিএজি এম মহিউদ্দিন ইউসুফ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মনজুর এলাহী পরাগ, আরিফুল আলম, নাজমুল হাসান চৌধুরী ও মো: শহিদুল ইসলাম। রিট আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালে সাপমারা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২৩ জুলাই ২০২৪ তারিখে জারিকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। এ অবস্থায় আবেদনকারী গত ১৭ মে ২০২৬ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।



