নয়া দিগন্ত ডেস্ক
হাঁটু মুড়ে রাস্তার ধারে থাকা দোকানের সামনে বসে রয়েছেন ফার্স্ট লেডি। ধোপদুরস্ত পোশাক পরে একই ভঙ্গিতে বসে দেশের প্রেসিডেন্টও। স্ত্রী একটি জিনিসের দর জানতে চাওয়ার পর একেবারে সাধারণ মানুষের মতো স্যুটের ভেতর থেকে মানিব্যাগ বের করে দিয়ে দিলেন টাকা। স্বামীর দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন ফার্স্ট লেডি। দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট লি জে-মিয়ং এবং ফার্স্ট লেডি কিম হে-কিয়ংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা গেছে, সুওনের পালদালমুন বাজার পরিদর্শন করতে গিয়েছিলেন সস্ত্রীক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সেই সময় ফার্স্ট লেডি কিম হে-কিউং এক বিক্রেতার কাছে একটি পণ্যের দাম জানতে চাইলে, প্রেসিডেন্ট স্বতঃস্ফূর্তভাবে নিজের মানিব্যাগ বের করেন। বাজার সফরে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি স্থানীয় খাবার কিনেছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন, বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন। ছোট ব্যবসায়ীদের উৎসাহ জুগিয়েছেন তারা দু’জনেই। দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর এই আন্তরিক, সহজ-সরল ও স্বাভাবিক আচরণ সমাজমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পালদালমুন বাজার দিয়ে হাঁটার সময় প্রেসিডেন্ট ও তার স্ত্রী ক্রেতাদের অভিবাদন জানান। তারা বাকহুইট চিপস, মুড়ি, শুকনো ছোট অক্টোপাস, শুকনো স্কুইড, টুইস্টেড ব্রেড স্টিক, ডোনাট, চিনাবাদামের ভাজাভুজি এবং চেস্টনাট ব্রেডসহ বিভিন্ন ধরনের স্থানীয় জনপ্রিয় খাবার কিনেছেন।



