চট্টগ্রামের সমাবেশস্থল পরিদর্শনে ১১ দলের নেতারা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশস্থল ঐতিহাসিক লালদীঘি ময়দানের সার্বিক প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বিভাগীয় সমাবেশের সভাপতি মুহাম্মদ শাহজাহান। এ সময় তিনি সমাবেশের মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, আগত ১১ দলীয় নেতাকর্মী ও জনগণের উপস্থিতি নিশ্চিতকরণসহ বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণমানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণরায়ের বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, দুর্নীতি ও দুঃশাসনের অবসান এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আয়োজিত এ বিভাগীয় সমাবেশকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরী সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, চট্টগ্রাম মহানগরী জামায়াত সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মুহাম্মদ শোয়াইব, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চট্টগ্রাম মহানগরী সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, লেবার পার্টির চট্টগ্রাম মহানগরীর সভাপতি আলাউদ্দিন মিয়া, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি আনোয়ার হোসাইন রব্বানি, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।