ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ শেষে দীর্ঘ বিরতির পর আবারো মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গত শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন তিনি। তবে তার প্রত্যাবর্তনের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর এটাই ছিল মেসির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।
মায়ামিতে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে প্রায় ৪০ মিনিট দেরি হয়। খেলা শুরু হওয়ার পর ১৬ মিনিটে দূরপাল্লার দৃষ্টিনন্দন চিপ শটে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। সাম্প্রতিক চার ম্যাচে এটি ছিল তার সপ্তম গোল।
তবে ৩৪ মিনিটে দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলে কলম্বাসকে সমতায় ফেরান সদ্য ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। প্রথমার্ধ শেষ হওয়ার আগে সুয়ারেজের বাড়ানো বল থেকে নোয়া অ্যালেনের হেডে আবারো ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে মেসি মাঠে নামলে গ্যালারিতে উপস্থিত সমর্থকেরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। মাঠে নেমেই কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি তিনি। যোগ করা সময়েও একটি হেড অল্পের জন্য বাইরে চলে যায়, আরেকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়।
ম্যাচের ৮৪ মিনিটে অভিষেক ম্যাচ খেলতে নামা স্প্যানিশ মিডফিল্ডার ব্রাইস মেন্দেস দারুণ এক ফ্রি-কিকে কলম্বাস ক্রুর সমতাসূচক গোল করেন। ফলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।



