পানাম নগরীর হারানো সেতু ফিরে পেতে চায় ইতিহাসপ্রেমীরা

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

ঐতিহাসিক পানাম নগরীর প্রবেশপথে একসময় দাঁড়িয়ে ছিল ছোট কিন্তু অত্যন্ত নান্দনিক একটি সেতু। স্থানীয় এক প্রভাবশালী মহলের হাতে সেটি ধ্বংসের পর প্রায় আড়াই দশক পার হয়ে গেছে। কিন্তু সেতুটি আর পুনর্নির্মিত হয়নি। পানাম নগরীর ইতিহাসপ্রেমীদের মনে আগের সেই সেতুর স্মৃতি এখনো গভীর ক্ষত হয়ে আছে। হারানো সেতুটি পুনর্নির্মাণের দাবিতে গত শুক্রবার সকালে মানববন্ধন ও র‌্যালি করেছেন ‘ইতিহাস-ঐতিহ্য ও প্রতœসম্পদ সংরক্ষণ কমিটি’।

পানাম নগরী চত্বরে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক ও লেখক মিজানুর রহমান মামুন। বক্তব্য রাখেন- সাপ্তাহিক সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, সংগঠনের সদস্যসচিব সাংবাদিক রবিউল হুসাইন, কবি রহমান মুজিব, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, কবি মোয়াজ্জেনুল হক, লেখক মোফাখখার সাগর, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সাংবাদিক বিল্লাল হোসেন, সুমন আল হাসান ও প্রকৌশলী বাবুল মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, সেতুটি শুধু যাতায়াতের মাধ্যমই ছিল না; এটি পানাম নগরীর স্থাপত্যিক সৌন্দর্য ও ঐতিহাসিক পরিচয়ের অংশ ছিল।