ঋতু পরিবর্তনের সময় অনেকেরই হঠাৎ করে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। অনেকেই তখন দামি শ্যাম্পু, সিরাম বা হেয়ার ট্রিটমেন্টের দিকে ঝুঁকে পড়েন। তবে বিশেষজ্ঞদের মতে, সুস্থ ও মজবুত চুলের ভিত্তি তৈরি হয় শরীরের ভেতর থেকেই।
চুলের গোড়া শক্ত রাখতে প্রয়োজন পর্যাপ্ত প্রোটিন, আয়রন, জিংক, ভিটামিন এ, ভিটামিন সি এবং বিভিন্ন প্রয়োজনীয় খনিজ। সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে এসব পুষ্টি উপাদান পাওয়া গেলে ঋতুগত চুল পড়ার প্রবণতা অনেকটাই কমানো সম্ভব। তাই জেনে নিন এমন পাঁচটি খাবার যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
আমলকী : এই ফল ভিটামিন সির অন্যতম প্রাকৃতিক উৎস। ভিটামিন সি শরীরে কোলাজেন তৈরিতে সহায়তা করে, যা মাথার ত্বক ও চুলের গোড়া মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এটি আয়রন শোষণেও সাহায্য করে, ফলে চুলের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হয়।
কারি পাতা : এই পাতায় রয়েছে আয়রন, বিটা-ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা মাথার ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করে। নিয়মিত কারি পাতা খেলে চুলের গোড়া শক্ত থাকতে ও অকালপক্বতার ঝুঁকি কমতে পারে।
কুমড়োর বীজ : কুমড়োর বীজে রয়েছে পর্যাপ্ত জিংক, যা চুলের বৃদ্ধি এবং গোড়ার সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ। শরীরে জিংকের ঘাটতি হলে অনেকের ক্ষেত্রেই অতিরিক্ত চুল পড়া দেখা দেয়। তাই প্রতিদিন অল্প পরিমাণ কুমড়োর বীজ সালাদ, দই, ওটস বা স্মুদির সাথে খেতে পারেন।
সজনে পাতা : এই পাতা আয়রন, ভিটামিন এ ও ভিটামিন সি সমৃদ্ধ। এই পুষ্টি উপাদানগুলো চুলের ফলিকলকে পুষ্টি জোগাতে এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়াকে সহায়তা করতে পারে। পাশাপাশি মাথার ত্বকের সার্বিক স্বাস্থ্যও ভালো রাখতে সাহায্য করে।
কালো তিল : কালো তিলে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, তামা, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান চুলের প্রাকৃতিক রঙ বজায় রাখা, চুলের গোড়া পুষ্ট ও চুলের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে।



