তনু হত্যা মামলা

আরো ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

Printed Edition
আরো ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ
আরো ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরো দুই সন্দেহভাজন সাবেক সেনাসদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন- জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বী। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো: তারিকুল ইসলাম। তিনি জানান, গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (১ নম্বর আমলি আদালত) মুমিনুল হক তদন্তের স্বার্থে ওই দুই সাবেক সেনাসদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের অনুমতি দেন। ‘তদন্তের স্বার্থে আমরা আদালতের কাছে আবেদন করেছিলাম। আদালত ডিএনএ নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছেন।’

সন্দেহভাজন জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার মেঘাই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। আর ফয়সাল আহমেদ রাব্বী কুমিল্লার রাজাপাড়া-লক্ষ্মীনগর এলাকার এম এ হান্নানের ছেলে। এর আগে মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সাবেক সেনাসদস্য শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করে ক্রস-ম্যাচ করা হয়েছে।

এদিকে তনু হত্যা মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিনুল আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। শাহিনুল আলম কুয়েতে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান কোথায় রয়েছেন, তা জানা যায়নি। এ মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি হাফিজুর রহমান বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।