কলম্বিয়ায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান

Printed Edition

এএফপি

কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করার পর দেশটিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ‘শিল্ডস অব দ্য আমেরিকাস’ জোটের ১২টি সদস্য দেশ।

শুক্রবার দেয়া এক যৌথ বিবৃতিতে দেশগুলো কলম্বিয়ার সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়, তারা যেন সংবিধান, আইন ও গণতান্ত্রিক নীতিমালা কঠোরভাবে মেনে চলে এবং আইনের শাসনের সর্বোচ্চ মান বজায় রেখে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা চলতি সপ্তাহের শুরুতে তার দলের সদস্যদের নির্দেশ দেন পেত্রো প্রশাসনের সাথে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া স্থগিত রাখতে। কারণ, বামপন্থী নেতা গুস্তাভো পেত্রো জুন মাসের নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।’

তবে পেত্রো পরে জানিয়েছেন, তিনি ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর’ নিশ্চিত করবেন। সংবিধান অনুযায়ী দ্বিতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিতে না পারা পেত্রো আগামী মাস পর্যন্ত দায়িত্বে থাকবেন। এরপর দে লা এসপ্রিয়েল্লা নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো জানায়, ‘কলম্বিয়ার নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে সাম্প্রতিক কিছু বক্তব্য ও কর্মকাণ্ড গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। যথাযথ প্রমাণ ছাড়া এসব বক্তব্য নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতা হস্তান্তরের স্বাভাবিক ধারাকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফল উপেক্ষা করা জনগণের ইচ্ছার প্রতি এবং আইনের শাসনের ভিত্তি যে নীতিগুলোর ওপর প্রতিষ্ঠিত, তার প্রতি গুরুতর অবজ্ঞা প্রদর্শনের শামিল।’