ইবিতে সাজিদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Printed Edition

ইবি সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার রহস্য উদ্ঘাটন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দীন মিঝি, অধ্যাপক ড. খান মোহাম্মদ ইলিয়াস, নিহত সাজিদ আব্দুল্লাহর বাবা আহসান হাবিবুল্লাহ, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, শাখা ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, তালাবায়ে আরাবিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাজিদের সহপাঠীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এক বছর পার হলেও সাজিদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়নি, কাউকে গ্রেফতারও করা হয়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের চরম উদাসীনতা আমরা দেখেছি। প্রশাসন আগে সাজিদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। আমাদের শুরু থেকেই দাবি ছিল, বিশ্ববিদ্যালয়ে সাজিদ আব্দুল্লাহর নামে একটি স্থাপনা নির্মাণ করা হোক, যাতে ভবিষ্যৎ শিক্ষার্থীরা তাকে জানতে ও স্মরণ করতে পারে।