বিএমইউতে মুখগহ্বরের ক্যান্সার প্রতিরোধবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) এ ব্লক অডিটোরিয়ামে গত সোমবার মুখগহ্বরের ক্যান্সার প্রতিরোধ: শল্যচিকিৎসার অগ্রগতি ও চিকিৎসাগত উদ্ভাবনের দৃষ্টিভঙ্গি নিয়ে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দ্রুত রোগ শনাক্তকরণ, মুখগহ্বরের ক্যান্সার চিকিৎসার নানা অগ্রগতি, রোগ প্রতিরোধ, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বাস্তবায়নসহ নানাবিধি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএমইউএর উপাচার্য অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। তিনি বলেন, এই ধরনের সেমিনার অ্যাডভান্স টেকনোলজি ও নতুন নতুন উদ্ভাবনী মুখগহ্বরের ক্যান্সার চিকিৎসায় বিরাট অবদান রাখবে। সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন পাকিস্তানের আগা খান বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা: আহমেদ নাদিম আব্বাসি। উপাচার্য তার বক্তব্যে ২০০৪ সালে পাকিস্তানের আগা খান বিশ্ববিদ্যালয় সফরের স্মৃতিচারণ করেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার মানের প্রশংসা করেন। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও আগা খান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও ক্যান্সার চিকিৎসায় পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, মুখগহ্বরের ক্যান্সারকে জনস্বাস্থ্যের জন্য হৃমকিস্বরূপ ও সামাজিক বোঝা উল্লেখ করে জনসচেতনতা বৃদ্ধিসহ রোগ প্রতিরোধের পাশাপাশি এই রোগে সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে করণীয় বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসও মুখগহ্বরের ক্যান্সারের কারণ বলে তিনি উল্লেখ করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএমইউএর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল প্রমুখ।

সেমিনারে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ মো: আকরাম হোসেন ‘মুখগহ্বরের ক্যান্সারের আধুনিক চিকিৎসা : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা ও অগ্রগতি’ শীর্ষক উপস্থাপনা প্রদান করেন।

ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মাহমুদা আক্তার ‘এপিডেমোলজি অ্যান্ড কনটেমপোরেরি পারসপেকটিভস অব ওরাল ক্যান্সার ইন বাংলাদেশ’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন। ডেন্টাল অনুষদের ডিন ও ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: সাখাওয়াত হোসেন সায়ন্ত মুখগহ্বরের ক্যান্সারের শল্যচিকিৎসাগত ব্যবস্থাপনা : বর্তমান মানদণ্ড ও উদ্ভাবনী অগ্রগতি বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ওই কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা: আফজালুন নেছা এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডা: খালেদ মাহবুব মুর্শেদ (মামুন)। বিজ্ঞপ্তি।