ছিটকে গেলেন ব্রাজিলের ওয়েসলি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলা হচ্ছে না ফুলব্যাক ওয়েসলি ফ্রাঙ্ক। ঊরুর চোটে এবারের থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গা পূরণ করতে দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া মিডফিল্ডার এডেরসন। ২০২৪ সালে জাতীয় দলে অভিষেকের পর মাত্র তিনটি ম্যাচ খেলা ২৬ বছর বয়সী এই ফুটবলার ২০২২ সাল থেকে খেলছেন ইতালির ক্লাব আটালান্তায়।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে গত রোববার মিসরকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। ম্যাচের ১৫ মিনিটেই চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর স্ক্যানে ২২ বছর বয়সী এই ফুটবলারের গুরুতর চোট ধরা পড়েছে। যা তাকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ‘এমআরআই স্ক্যানে ওয়েসলির বাঁ উরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়েছে। এই চোটের ঘটনায় সিবিএফ হতাশা প্রকাশ করছে। ওয়েসলি দলের সবার কাছে খুবই প্রিয় একজন খেলোয়াড়। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগিয়ে চলা এই দলের অংশ হিসেবে সে সব সময় থাকবে।’

এদিকে ওয়েসলির চোটে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া এডেরসনের জন্য খবরটি ছিল একেবারেই অপ্রত্যাশিত। তার নাম ঘোষণার সময় তিনি নিজ রাজ্য মাতো গ্রোসো দো সুলের রাজধানী কাম্পো গ্রান্দেতে পরিবারের সাথে ছুটি কাটাচ্ছিলেন। বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় তার নাম থাকলেও চূড়ান্ত দলে ডাক পাবেন বলে খুব একটা আশা করেননি এডেরসন।

হঠাৎ ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে রোববার সকালে ফোন আসে। সেখানেই জানতে পারেন, ওয়েসলির বদলি হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। রোববার দুপুরে কাম্পো গ্রান্দে থেকে সাও পাওলোর উদ্দেশে রওনা দেন এডেরসন। সেখান থেকে তার যুক্তরাষ্ট্রে উড়াল দেয়ার কথা।

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে ইনস্টাগ্রামে এডেরসন লিখেছেন, ‘সৃষ্টিকর্তার পরিকল্পনা সব সময়ই আমার পরিকল্পনার চেয়ে বড়। বিশ্বের সেরা জাতীয় দলের অংশ হতে পেরে আমি গর্বিত ও সম্মানিত।’

আগামী রোববার ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের আগে মরক্কো শিবিরে চোটের ছোবল। মূল অভিযান শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে তারা; সবশেষ প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় মূল পর্বে ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ দুই ফুটবলারের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। শুরুর একাদশের খেলোয়াড় নুসাইর মাজরাউই ও আব্দেসামাদ এজজাজুলিকে ঘিরে এই অনিশ্চয়তা জেগেছে। প্রস্তুতিপর্বে রোববার রাতে নরওয়ের সাথে ১-১ ড্রয়ের ম্যাচে চোট পান তারা। প্রতিপক্ষের কড়া ট্যাকলে কাঁধে আঘাত পান মাজরাউই এবং ২৯ মিনিটে উঠে যান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার। আর পায়ে চোট পাওয়ায় বিরতির পর মাঠে নামেননি রিয়াল বেটিসের লেফট উইঙ্গার এজজাজুলি।