সাটুরিয়ায় বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান

Printed Edition

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিষেধক ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে কুকুর, বিড়াল, শিয়াল, বেজিসহ বন্য ও গৃহপালিত স্তন্যপায়ী প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার রোগীরা কোনো খরচ ছাড়াই এ সেবা গ্রহণ করতে পারবেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে নিয়মিত এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষ ব্যয়বহুল ভ্যাকসিন কেনার আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন।

টিকা নিতে আসা বরাইদ ইউনিয়নের পাতিলপাড়া গ্রামের বাসিন্দা রানু বেগম বলেন, আগে অনেক টাকা খরচ করে বাজার থেকে ভ্যাকসিন কিনতে হতো, যা দরিদ্র মানুষের জন্য কষ্টসাধ্য ছিল। এখন সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা পেয়ে অনেক উপকার হচ্ছে।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জলাতঙ্ক একটি শতভাগ প্রাণঘাতী রোগ। তবে সময়মতো সঠিক নিয়মে ভ্যাকসিন গ্রহণ করলে এ রোগ সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। বর্তমানে হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে এবং একটি দক্ষ টিম নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরো বলেন, কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার হলে আক্রান্ত স্থানটি ক্ষারযুক্ত সাবান ও প্রবহমান পানি দিয়ে কমপক্ষে ১৫ মিনিট ধুয়ে দ্রুত হাসপাতালে আসতে হবে। কবিরাজি বা অবৈজ্ঞানিক চিকিৎসার আশ্রয় না নিয়ে সবাইকে সরকারি এ সেবা গ্রহণের আহ্বান জানান তিনি।

স্থানীয় সচেতন মহল সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সেবাটির ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছে।