উইকেট দেখে দল সাজাবেন ইংলিশ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

চোট, সিনিয়রদের বিশ্রাম মিলিয়ে এবারের দলে নেই অভিজ্ঞদের অনেকেই। তুলনামূলক অনভিজ্ঞদের নিয়ে সাজানো স্কোয়াডে অধিনায়কের দায়িত্বে আছেন জশ ইংলিস। প্রথম ওয়ানডের আগের দিন অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এলেন অধিনায়ক ইংলিস। নিজের অধিনায়কত্ব, বাংলাদেশ দল, নাহিদ রানা-রিশাদ হোসেনদের বোলিং, উইকেট-কন্ডিশনের চ্যালেঞ্জ সবকিছু নিয়েই কথা বলেছেন তিনি।

অনেক দিন পর বাংলাদেশকে প্রতিপক্ষ পেয়ে এক্সাইটেড অধিনায়ক ইংলিশ। ‘অনেক এক্সাইটিং। আমরা তাদের মাটিতে বাংলাদেশের সাথে খুব বেশি একটা খেলি না। আমি এবং অনেকেই প্রথমবার এলাম এখানে, আমরা সবাই এই সিরিজ নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আমরা এখনও দল ঠিক করিনি। উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নেবো। আমাদেরকে হোমওয়ার্কটা ভালোভাবে করতে হবে। এখানে সম্প্রতি যেসব খেলা হয়েছে সেসব খতিয়ে দেখব। এরপর উইকেট বিবেচনা করব।

বাংলাদেশের বোলিং নিয়ে এই অধিনায়ক বলেন, ‘আমি নাহিদ রানার বল বেশি দেখিনি। যতটুকু দেখেছি মনে হয়েছে, দারুণ এক্সাইটিং প্রসপেক্ট। সে বেশ লম্বা এবং অনেক জোরে বল করে। তাকে খেলাটা একটু কঠিন হবে বৈকি। যেকোনো সময়েই মিচেল মার্শ এবং ট্রাভিস হেডের দলে না থাকার ব্যাপারটি আপনি মিস করবেন। দুর্ভাগ্যজনক ব্যাপার তারা এবারে দলে নেই। পাকিস্তান সিরিজের মত যেমনটা হয়েছে, কিছু তরুণ ক্রিকেটারেরও এখানে খেলার অভিজ্ঞতা অর্জনের দরকার আছে। সামনে বিশ্বকাপ। কম্বিনেশন সাজিয়ে বিভিন্ন ক্রিকেটারদের বাজিয়ে দেখারও দরকার আছে।’

‘নাথান এলিস অনেক দিন ধরে ভালো করে আসছে, বেন ডোয়ারসুইশও। তাদের এই পর্যায়ের ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। তারা অনেকে এক্সাইটিং এবং তারা এই সিরিজে কী করতে পারে তা দেখতে আমি মুখিয়ে আছি। নিউজিল্যান্ড সিরিজের উইকেটে ঘাস ছিল। কিছুটা সিম ফ্রেন্ডলি ছিল, সেসব মাথায় নিয়েই আগাচ্ছি এবং প্রস্তুত আছি। নাথান আমাদের জন্য অনেক জরুরি প্লেয়ার। গত কয়েক বছরে সে অনেক দায়িত্ব নিয়ে খেলেছে।’ যোগ করেন ইংলিশ।

তিনি আরো বলেন, ‘আসলে বাংলাদেশের সাথে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। তারা অনেক অলরাউন্ডেড দল। হোম কন্ডিশনে অবশ্যই অনেক ভালো।’