চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

Printed Edition

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্তের বিএসএফের গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। সে উক্ত এলাকার শফিক মিয়ার ছেলে। নিহতের চাচা আব্দুল কাদির জানান, প্রতিদিনের মতো রোববার সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু নিয়ে গেলে বিএসএফ অতর্কিতভাবে তার ওপর গুলি চালায়।

তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করলে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখে তার চাচা আব্দুল কাদিরসহ কয়েকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম যুবকের মৃত্যু সংবাদ নিশ্চিত করে বলেন ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল ধরেননি এবং হোয়াটসআপে খুদে বার্তারও কোনো উত্তর পাওয়া যায়নি।