জায়নবাদী আগ্রাসনে শুধু ইসরাইল নয়, আমেরিকা ইউরোপও জড়িত : মাহমুদুর রহমান

Printed Edition
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মাহমুদুর রহমান  : নয়া দিগন্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মাহমুদুর রহমান : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) আয়োজিত ‘বিশ্বব্যাপী জায়নবাদী আগ্রাসন ও গাজায় মানবাধিকার লঙ্ঘন: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় মন্তব্য করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, বিশ্বব্যাপী জায়নবাদী আগ্রাসনের সাথে শুধু ইহুদিবাদী ইসরাইল নয়, আমেরিকা ও ইউরোপও সরাসরি জড়িত।

মাহমুদুর রহমান বলেন, গাজায় গণহত্যার পেছনে ধর্মবিশ্বাস, বিশ্ব জ্বালানি নিয়ন্ত্রণ ও ভূরাজনৈতিক কৌশলগত হেজিমনি প্রতিষ্ঠার লড়াই রয়েছে। সমগ্র বিশ্বে মুসলমানদের মধ্যে অনৈক্যের কারণে জায়নবাদী আগ্রাসন ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে। ধর্মীয় বিশ্বাস, অর্থনৈতিক গুরুত্ব ও ভূরাজনৈতিক কৌশলগত কারণে এ সঙ্কটের তাৎপর্য রয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্র সরাসরি সামরিক বা অর্থনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। তবে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। রাষ্ট্রীয় সক্ষমতা সীমিত হলেও বাংলাদেশ নৈতিক, কূটনৈতিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থান থেকে জনমত গঠন, গবেষণা, বিশ্লেষণ, লেখালেখি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভায় জকসুর জিএস আবদুল আলিম আরিফ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইন্তিফাদা ফাউন্ডেশনের মোহায়মিনুল হাসান রিয়াদ, ড. আবু লায়েক প্রমুখ। জকসুর এজিএস মাসুদ রানাসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জকসুর আন্তর্জাতিক সম্পাদক নওশীন নাওয়ার জয়া।