কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা সংঘর্ষে আহত ১৫

Printed Edition

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় সদর আসনের এমপি মুফতি আমির হামজার গাড়ি বহরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় তার সাথে থাকা সাতজনসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এমপি নিজেও আহত হয়েছেন বলে জানিয়েছেন।

গতকাল বিকেল সোয়া ৬টার দিকে তিনি শহরের ছয়রাস্তা মোড়ের বাসায় ফেরার পথে এঘটনা ঘটে। আমীর হামজা জানান, সারা দিন সদর উপজলোর বিভিন্ন স্থানে জনসংযোগ শেষে বাড়ি ফিরছিলাম এমন সময় জানতে পারি গণঅধিকার পরিষদের একটি সভা থানাপাড়ার ছয়রাস্তা মোড়ে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমি এবং আমার পরিবার ও সংগঠনকে নিয়ে আপত্তিকর ও উত্তেজনাকর বক্তব্য দেয়া হচ্ছিল। বিষয়টি আমি জানতে পেরে মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বরকে জানালে তিনিসহ আমি সোয়া ৬টার দিকে পুলিশ এসকটে বাসায় ফিরছিলাম। ছয়রাস্তা মোড়ে এমন সময় আমার গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে সন্ত্রাসীরা গাড়ির কাচ ভাঙচুর করে। সন্ত্রাসীরা হকিস্টিক ও ইট দিয়ে আমার গাড়িতে থাকা সাতজনকে আহত করে। তার মধ্যে আমার চাচাও রয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় পুলিশের নিরব ভূমিকা লক্ষ্য করা যায়।