বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
টাঙ্গাইলের মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভোলা রানী দাস (৫৫) নামের এক পৌর পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে মধুপুর পৌরসভা কার্যালয়ের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের মতো অফিস পরিষ্কার করতে এসে ভোলা রানী একটি গাছের বেল পাড়তে যান। এ সময় তার হাতের লাঠিটি পাশের ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে স্পর্শ করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত ভোলা রানী মৃত নিরঞ্জন দাসের স্ত্রী ও পৌরসভার চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। ইউএনও জুবায়ের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।
মেহেরপুরে আম সংগ্রহ সূচি নির্ধারণ
মেহেরপুরে বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিত করতে সংগ্রহের সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল ১১ মে থেকে বোম্বায় ও গোপালভোগ আম সংগ্রহ শুরু হচ্ছে। সবচেয়ে জনপ্রিয় হিমসাগর আম নামানো যাবে ১৮ মে থেকে। এ ছাড়া ল্যাংড়া ২৮ মে, ফজলি ২৩ জুন এবং আশ্বিনা আম ১৫ জুলাই থেকে সংগ্রহের তারিখ দেয়া হয়েছে। গত রোববার জেলা প্রশাসনের এক সভায় ব্যবসায়ী ও আমচাষিদের সাথে আলোচনা করে এ সূচি চূড়ান্ত করা হয়। প্রশাসন জানিয়েছে, আমে ক্ষতিকর রাসায়নিক রোধে কড়া নজরদারি থাকবে। নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। মেহেরপুর প্রতিনিধি।
জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা
বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে আলম ফিটার (৫৫) নামে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার দুপুরে সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে প্রতিবেশী ইলিয়াস ও তার সহযোগীরা আলমের ওপর হামলা চালায়। সীমানা নিয়ে তর্কের একপর্যায়ে লাঠি দিয়ে আলমের মাথায় আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছিল। আলমের মেয়ে ফাতিমা আক্তার এ নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা।
জন্মমৃত্যু নিবন্ধনসংক্রান্ত কর্মশালা
বাগেরহাটের চিতলমারীতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের নিয়ে জন্মমৃত্যু নিবন্ধনসংক্রান্ত বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের উপপরিচালক হুসাইন শওকত। ইউএনও খাদিজা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় নির্ভুল নিবন্ধন নিশ্চিত করতে সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশদের বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। সভার শুরুতে প্রধান অতিথি উপজেলা চত্বরে চারা রোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এতে সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রসহ উপজেলার বিভিন্ন দফতরের প্রধান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা।
কলারোয়া আলিয়া মাদরাসার সাফল্য
সাতক্ষীরার কলারোয়া আলিয়া কামিল মাদরাসা থেকে প্রথমবারের মতো কামিল (তাফসীর) পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের কামিল ১ম ও ২য় পর্বের ফলাফলে এ কৃতিত্ব দেখা গেছে। মাদরাসা থেকে মোট ২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যার মধ্যে ১৭ জন প্রথম বিভাগে এবং ৯ জন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন। শতভাগ পাসের এই সাফল্যে মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ড. খান মিজানুল ইসলাম সেলিম ও অধ্যক্ষ মাওলানা আহমদ আলী শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন। কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা।
ফিলিং স্টেশন ও মিষ্টির দোকানে জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে একটি ফিলিং স্টেশন ও দু’টি মিষ্টির দোকানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বাহাদিপুর ও গোবিন্দাসী এলাকায় সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, ভাই-বন্ধু ফিলিংস্টেশনে প্রতি ৫ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার তেল কম দেয়ার প্রমাণ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং খাবারে তেলাপোকা ও মাছি পাওয়ায় প্রদীপ ও শ্যামলের মিষ্টির কারখানাকে আরো ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।
নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
ফেনীর দাগনভূঞায় নিখোঁজের দুই দিন পর ১৮ মাস বয়সী শিশু হাসানের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে আমানউল্লাহপুর এলাকার একটি ডোবা থেকে মরদেহটি পাওয়া যায়। শিশুটি তারেক রহমানের ছেলে। গত শনিবার বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর তার পরিবারের কাছে অপরিচিত নম্বর থেকে ফোন করে সোয়া লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। মুক্তিপণ নিয়ে আতঙ্কের মধ্যেই আজ শিশুটির লাশ মিলল। তবে পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটি খেলার সময় ডোবায় পড়ে মারা গেছে। দাগনভূঞা থানার ওসি ফজলুল আজিম নোমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা।
ছাত্রশিবিরের কুরআন বিতরণ
ঐতিহাসিক ১১ মে ‘কুরআন দিবস’ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে ছাত্রশিবির কলেজ শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। ১৯৮৫ সালের এই দিনে কুরআনের মর্যাদা রক্ষায় যারা জীবন দিয়েছিলেন, তাদের স্মরণে প্রতি বছর দিবসটি পালন করে সংগঠনটি। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার। নেতৃবৃন্দ বলেন, কুরআনের সঠিক জ্ঞান ছড়িয়ে দিতেই তাদের এই প্রয়াস। সাধারণ শিক্ষার্থীরা উৎসাহের সাথে অর্থসহ কুরআনের এই কপি গ্রহণ করেন এবং শিবিরের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা।
অতিরিক্ত খাজনার প্রতিবাদে বিক্ষোভ
ঢাকার ধামরাইয়ে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আমিন মডেল কাঁচাবাজারের ব্যবসায়ীরা। গত রোববার দুপুরে ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় বৃষ্টির মধ্যেও প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, বাজার ইজারাদাররা ৫০ টাকার পরিবর্তে প্রতিদিন ১৫০ টাকা করে খাজনা নিচ্ছেন, যা জুলুমের শামিল। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক শ’ যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে ব্যবসায়ীরা সড়ক ছেড়ে দেন। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।
যুবদলের লিফলেট বিতরণ
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অঙ্গীকার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল। গতকাল সোমবার সকালে শহরের বাহের রোডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে জেলা যুবদলের সদস্যসচিব আনিচুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণের মাধ্যমে তারা দলীয় ভিশন ও আন্দোলনের চেতনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন এবং জাতীয় সংহতি সুদৃঢ় করার আহ্বান জানান। ঝালকাঠি প্রতিনিধি।



