গ্যাংরেপ ও হত্যার রহস্য উদঘাটন

মুন্সীগঞ্জের তিন পিবিআই কর্মকর্তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মাননা

Printed Edition
স্বরাষ্ট্রমন্ত্রী মো: সালাহউদ্দিন আহমেদের কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন পিবিআই কর্মকর্তা :  নয়া দিগন্ত
স্বরাষ্ট্রমন্ত্রী মো: সালাহউদ্দিন আহমেদের কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন পিবিআই কর্মকর্তা : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় সংঘবদ্ধ ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় মুন্সীগঞ্জ জেলা পিবিআইর তিন কর্মকর্তাকে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা দেয়া হয়েছে। সোমবার (৮ জুন) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। পুরস্কারপ্রাপ্তরা হলেন- মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রনি দেবনাথ, রামপ্রসাদ ঘোষ এবং মো: জুবায়ের হোসেন।

পিবিআই সূত্রে জানা যায়, গত ২৯ মে গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর এলাকায় ফুলদী নদী থেকে এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ি। পরিচয় শনাক্তের জন্য বিষয়টি পিবিআই মুন্সীগঞ্জকে অবহিত করলে একটি ক্রাইমসিন টিম ঘটনাস্থলে গিয়ে আলামত ও ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। লাশটি গলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আত্মীয়ের সহায়তায় ভিকটিমের পরিচয় নিশ্চিত ও ব্যবহৃত মোবাইল নম্বর ও অন্যান্য তথ্যপ্রযুক্তিনির্ভর উপাত্ত বিশ্লেষণ করে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করে পিবিআই। তদন্তে উঠে আসে, পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমকে বড় ভাটেরচর এলাকার একটি নির্জন ভুট্টাক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে প্রমাণ গোপনের উদ্দেশ্যে লাশ নদীতে ফেলে দেয়া হয়।

এ ঘটনায় পিবিআই চারজন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এদিকে মামলার সফল তদন্ত ও দ্রুত রহস্য উদঘাটনের স্বীকৃতিস্বরূপ তিন কর্মকর্তা প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা আর্থিক অনুদান এবং সম্মাননা স্মারক দেয়া হয়।