হাজারীবাগে বাসায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৪ জন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগের একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার ভোরে হাজারীবাগের পূর্ব রায়েরবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- নশেখ রোমান ( ৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), ছেলে রুহান (৩) ও শ্যালক অপু (২৩)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধ রোমানের ভাই মো: মামুন জানান, হাজারীবাগে রায়েরবাজার জাহানারা ভিলা ৬ তলায় নিচ তলার ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লেগে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করা হয়। শেখ নোমানের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকায়। সে শেখ গোলাম মাওলার ছেলে। বর্তমানে পূর্ব রায়েরবাজারে ১৪৭ নং জাহানারা ভিলা ৬ তলায় নিচ তলার ভাড়া বাসায় থাকতেন। তিনি একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা: শাওন বিন রহমান জানান, হাজারীবাগ রায়েরবাজার থেকে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়ে এসেছে। শেখ নোমান ৭০ শতাংশ দগ্ধ তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ দগ্ধ তার ছেলে রোহান ৩৫ শতাংশ দগ্ধ ও তার স্যালক অপুর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।