চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এবং বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি আশা খাতুন এবং আশার মেয়ে মিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে একটি লোহার মই বিদ্যুৎ পরিবাহী হয়ে পড়ে। ওই মই ব্যবহার করতে গিয়ে প্রথমে আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।



