ফ্রান্স প্রতিনিধি
বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের পথিকৃৎ নোভেরা আহমেদের শিল্পকর্ম ও স্মারক সংরক্ষণে ফ্রান্সের লা রশ-গুইয়োঁতে চালু রয়েছে বিশেষ জাদুঘর ‘মুজে নোভেরা আহমেদ’। ২০১৮ সালের জুলাইয়ে প্রতিষ্ঠিত ১৯ র্যু দ্যু দকতর দুভাল ঠিকানার এই জাদুঘরটি বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো শিল্পীর নামে প্রথম স্মৃতি প্রতিষ্ঠান।
১৯৩৯ সালে জন্ম নেয়া নোভেরা আহমেদ শহীদ মিনারের নকশা প্রণয়ন এবং ১৯৫৮ সালে দেশের প্রথম উন্মুক্ত আধুনিক ভাস্কর্য তৈরির সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে ষাটের দশকে তিনি ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে তার মৃত্যুর পর স্বামী গ্রেগোয়ার দ্য ব্রুনসের উদ্যোগে জাদুঘরটি গড়ে ওঠে।
এখানে নোভেরার জীবনের শেষ কয়েক দশকের দুর্লভ ভাস্কর্য, চিত্রকর্ম এবং বিমানবিধ্বস্ত ধাতব পদার্থের তৈরি অভিনব শিল্পকর্ম স্থান পেয়েছে। বাংলাদেশ সরকার ১৯৯৭ সালে তাকে একুশে পদক প্রদান করে, যা ২০২৪ সালে ফ্রান্সে তার স্বামীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়। লা রশ-গুইয়োঁতে অবস্থিত এই জাদুঘরটি এখন বাংলাদেশ ও ফ্রান্সের সংস্কৃতি ও আধুনিক শিল্পের মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেছে।



