সব শিপ ব্রেকিং প্রতিষ্ঠানকে গ্রিন লাইসেন্স গ্রহণ করতে হবে : শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শিপ রিসাইক্লিং শিল্পের আগের গৌরব পুনরুদ্ধারে আন্তরিকভাবে কাজ করছে সরকার। ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হন, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রী বলেন, শিপ ব্রেকিং শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সব প্রতিষ্ঠানকে গ্রিন লাইসেন্স গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

মন্ত্রী গতকাল সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, আরব শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং লিমিটেড, এস এন করপোরেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের শিল্প-কারখানায় জ্বালানি সঙ্কট নিরসনে সরকার ক্র্যাশ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে। এ সঙ্কটকে দীর্ঘ দিনের উল্লেখ করে তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে সঙ্কট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিপ ব্রেকিং শিল্পের চাঁদাবাজি, ব্যবসায়িক প্রতিবন্ধকতা এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার বিষয়ে মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা কোনো ধরনের আইনশৃঙ্খলাজনিত সমস্যায় পড়লে সরকার তা গুরুত্বের সাথে দেখবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হবে।

এ সময় বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্ল্যালার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি মো: মহসনি চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট শিপ রিসাইক্লিং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।