চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনি এলাকায় একটি ভবনে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করতে জড়ো হওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নারীসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের ভাষ্য, ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরীর ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় তারা জড়ো হয়ে আলোচনা করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭), হালিশহর থানা আওয়ামী লীগের দফতরবিষয়ক সম্পাদক ইস্কান্দার মির্জা, মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য সুজলা অন্তরা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, সিইউজের নেতা সাংবাদিক যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার বিষয়ে তথ্য পাওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ১৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।



