বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রিহ্যাবের দোয়া মাহফিল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং মানুষের প্রতি তার দায়বদ্ধতার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান ও তার দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ মনে চির জাগরূক থাকবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সঙ্কটের মধ্যেও তিনি যেভাবে দৃঢ়তার সাথে রাজনীতি করেছেন তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

রিহ্যাব প্রেসিডেন্ট আরো বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তার শেষ বিদায়ের দিনে। তার নামাজে জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, সাধারণ মানুষের হৃদয়ে তার প্রতি কতটা গভীর ভালোবাসা ও আবেগ ছিল। এত বিপুল মানুষের উপস্থিতি শুধু একটি নেত্রীর প্রতি শ্রদ্ধা নয় বরং তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও মানুষের সাথে তার সম্পর্কেরও একটি বড় প্রতিফলনও।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রিহ্যাব পরিচালক মো: মাহবুবুর রহমান পরিচালনা পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো: বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো: হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম রিজিয়ন) মোহাম্মদ মোরশেদুল হাসান রিহ্যাব পরিচালক ও স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম উপস্থিত ছিলেন। ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো: হারুন অর রশিদ দোয়া পরিচালনা করেন।