হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউলিং

Printed Edition
হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউলিং
হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউলিং

প্রযুক্তি ডেস্ক

প্রিয়জনকে নির্দিষ্ট দিনে শুভেচ্ছা, গুরুত্বপূর্ণ বার্তা কিংবা অফিসের বার্তা নির্দিষ্ট সময়ে পাঠানোর কথা ভুলে যান অনেকেই। ফলে ভুল বোঝাবুঝির পাশাপাশি নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এ সমস্যা সমাধানে নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

মেসেজ শিডিউলিং বা নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর সুবিধা নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে ব্যক্তিগত চ্যাটে সুবিধাটি চালু করা হতে পারে। এটি চালু হলে ব্যবহারকারীরা কোনো বার্তা লিখে সাথে সাথে পাঠানোর পরিবর্তে নির্দিষ্ট দিন ও সময় নির্বাচন করে রাখতে পারবেন। এর ফলে নির্ধারিত সময়ে বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে।

নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে বার্তা লেখার পর সেন্ড বাটন কিছুক্ষণ চাপ দিয়ে রাখলেই প্রয়োজনীয় অপশন দেখা যেতে পারে। এরপর তারিখ ও সময় নির্বাচন করতে হবে। নির্ধারিত বার্তাগুলো আলাদা একটি বিভাগে রাখা হবে। এখানে ব্যবহারকারীরা আগে থেকে নির্ধারণ করা সব বার্তা দেখতে পারবেন। ভুল করে কোনো বার্তা নির্ধারণ করা হলে বা পরে মত পরিবর্তন করলে সেটি পাঠানোর আগেই মুছে ফেলা যাবে।

হোয়াটসঅ্যাপে সর্বনিম্ন ১০ মিনিট এবং সর্বোচ্চ দুই সপ্তাহ আগে বার্তা পাঠানোর সময় নির্ধারণ করা যাবে। ফলে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো, গুরুত্বপূর্ণ বৈঠকের কথা মনে করিয়ে দেয়া কিংবা নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় তথ্য পাঠানো আরো সহজ হবে। ভিন্ন টাইম জোনে থাকা বন্ধু, সহকর্মী বা গ্রাহকদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও সুবিধাটি কার্যকর হবে।