নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা জেলার সাভার পৌর এলাকার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। গত রোববার দুপুরে পৌর এলাকার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে অনিয়মিতভাবে গ্যাস পেলেও গত দুই মাস ধরে অধিকাংশ বাসাবাড়িতে কার্যত গ্যাস সরবরাহ নেই। ফলে রান্নাবান্না ব্যাহত হওয়ায় অনেক পরিবার হোটেল থেকে খাবার কিনে খেতে বাধ্য হচ্ছে। কেউ কেউ আবার কাঠের চুলায় রান্না করছেন। এতে পরিবারগুলোর ভোগান্তি ও অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে।

গ্রাহকদের দাবি, নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও তারা নিরবচ্ছিন্ন সেবা পাচ্ছেন না। পাশাপাশি অবৈধ গ্যাসসংযোগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় বৈধ গ্রাহকেরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে চোরাই গ্যাসসংযোগ চালু থাকলেও তা বন্ধে সংশ্লিষ্টদের উদ্যোগ যথেষ্ট নয়।

প্রকৌশলী এমডি সাখাওয়াত হোসেন বিক্ষোভ ও স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রাহকদের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। গ্যাস অফিসের কোনো কর্মকর্তা অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হবে বলে তিনি জানান।