এএফপি
চীন থেকে ইউরোপে পণ্য পরিবহনে আর্কটিক মহাসাগরের নতুন একটি নৌপথে যাত্রা শুরু করেছে চীনের একটি কনটেইনারবাহী জাহাজ। নতুন এই সাপ্তাহিক নৌসেবা চালু হলে চীন-ইউরোপের পণ্য পরিবহনের সময় প্রায় অর্ধেকে নেমে আসবে। তবে পরিবেশবাদীরা সতর্ক করে বলেছেন, এ পথে জাহাজ চলাচল বাড়লে মেরু অঞ্চলের বরফ গলার গতি আরো বাড়তে পারে।
‘দুবাই টাওয়ার’ নামের জাহাজটি শনিবার সন্ধ্যায় চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগর নিংবো থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করে। জাহাজটি প্রথমে উত্তরের দিকে গিয়ে বেরিং প্রণালী অতিক্রম করবে। এরপর রাশিয়ার উত্তর উপকূলের হিমশীতল জলসীমা ধরে পশ্চিম দিকে এগিয়ে যাবে। শিপিং কোম্পানি সি লিজেন্ড প্রকাশিত সময়সূচি অনুযায়ী, জাহাজটি আগামী ৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ফেলিক্সটো বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর একই সপ্তাহে জার্মানির হামবুর্গ এবং পোল্যান্ডের গদিনিয়া বন্দরে যাওয়ার কথা রয়েছে।
চীন থেকে ইউরোপে যাওয়ার নর্দার্ন সি রুট (এনএসআর) সুয়েজ খাল হয়ে যাওয়ার তুলনায় অনেক দ্রুত। এ পথে লোহিত সাগরও এড়িয়ে যাওয়া যায়। লোহিত সাগরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার কারণে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়েছে। তবে বছরের সব সময় এই পথে জাহাজ চলাচল করা সম্ভব নয়। সমুদ্রের বরফ যথেষ্ট গলে গেলে নির্দিষ্ট সময়েই মূলত বরফভাঙা জাহাজের সহায়তা ছাড়াই এই নৌপথ ব্যবহার করা যায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে পণ্য পরিবহনব্যবস্থা এমনিতেই বড় ধরনের সমস্যার মুখে পড়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর এ সঙ্কট আরো বেড়েছে। এর আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক জাহাজ কোম্পানি আর্কটিকের এই নৌপথ ব্যবহার করেছে। ডেনমার্কের মায়েরস্ক ২০১৮ সালে প্রথম এই পথে যাত্রা করা কোম্পানি হিসেবে পরিচিত।



