নিজস্ব প্রতিবেদক
ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরে ৪০০ বছরের পুরাতন এই শহরের প্রতি মমতা ও দায়িত্ববোধ জাগাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যেগে গতকাল অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ‘ঢাকা হেরিটেজ রান’। রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ১ আগস্ট ‘ঢাকা দিবস’ উপলক্ষে ডিএসসিসির মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
সকাল ৭টায় মতিঝিল হতে শুরু হওয়া এ র্যালি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান। সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক মো: আবদুস সালাম।
এ হেরিটেজ রানে এক হাজারের বেশি মানুষ অংশ নেন। র্যালিটি মতিঝিল শাপলা চত্বর থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে রমনা-শাহবাগ মোড়-কাঁটাবন মোড়-ঢাকা বিশ্ববিদ্যালয়-পলাশি মোড়-লালবাগ কেল্লা-শহিদনগর মোড় হয়ে সোয়ারিঘাটে (লঞ্চঘাট) এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারী প্রত্যককে ডিএসসিসির পক্ষ থেকে পদক ও সনদ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের নতুন এ বাংলাদেশকে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী খেলাধুলাকে যেভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, একইভাবে আমাদের ঐতিহ্যগুলোকে ধরে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন। সেই ঐতিহ্যকে ধারণ করে ডিএসসিসি প্রশাসক অত্যন্ত যথাযথ একটি উদ্যোগ নিয়েছেন। আশা করি, এই আয়োজনের মাধ্যমে আমাদের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরো পরিচিত হয়ে উঠবে।



